
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের শীর্ষ স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ার বনানীস্থ প্রধান কার্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সংস্থার পক্ষ হতে দেশজুড়ে বিস্তৃত গাক’র কর্মএলাকায় উপকারভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আজ আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি সদস্যের মধ্য পরিবেশ সচেতনতা তৈরি করা এবং তাদের বাড়ির আঙিনায় সবুজায়নের মাধ্যমে পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, মাসব্যাপী এই কর্মসূচিতে দেশব্যাপী গাক’র লক্ষাধিক সদস্যদের মাঝে সকল শাখার মাধ্যমে ফলজ, বনজ এবং ঔষধি মোট তিন ধরনের গাছের চারা বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম বলেন, গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ আমাদের পরম আপনজন। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের তাপমাত্রা কমিয়ে পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করে তোলে। এই কর্মসূচি গাক-এর সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই চারাগুলো সযত্নে পরিচর্যা করে বড় করে তুলবেন, যা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার, বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপক ও সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সবুজ বনায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে গাক’র পক্ষ হতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply