
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের মহাসমাবেশে যোগ দেওয়ায় দিঘলিয়া উপজেলার আজিজুল উলুম মোল্লাডাঙ্গা শাহ্ নূরিয়া মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন ছাত্রকে মধ্যরাত পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে মাদ্রাসা কমিটির সভাপতি ও বিএনপি নেতা বিল্লাল মোল্লার বিরুদ্ধে।মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ খুলনায় আয়োজিত আট দলের সমাবেশে যোগ দেন। বিষয়টি সভাপতি বিল্লাল মোল্লার কানে পৌঁছালে তিনি ক্ষুব্ধ হন এবং ২ ডিসেম্বর সন্ধ্যায় মাদ্রাসায় এসে শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।পরবর্তীতে তার অনুসারীরা ২০–২৫ জন ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিয়ে মধ্যরাত পর্যন্ত শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। শীত সহ্য করতে না পেরে কিছু এতিম শিশু ক্ষমা চাইলে তাদের মাদ্রাসায় প্রবেশের অনুমতি দেওয়া হয়; তবে যারা ক্ষমা চাননি, তাদের মাদ্রাসায় ঢুকতে দেওয়া হয়নি এবং হুমকি দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়।ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে আন্দোলনরত ৮ দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।গাজীরহাটের কোলা বাজার চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদের।সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামী শুরা সদস্য স. ম. এনামুল হক।বক্তব্য দেন—বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান,দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান,খেলাফত মজলিস তেরখাদা উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাদের,ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি জাফর মাস্টার,ইসলামী আন্দোলনের মোঃ সাজু,দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামের সহ-সেক্রেটারি মোঃ ইসমাইলসহ আরও অনেকে।অভিযুক্ত মাদ্রাসা কমিটির সভাপতি বিএনপি নেতা বিল্লাল মোল্লা এ প্রতিবেদককে বলেন,“মাদ্রাসার কিছু ছাত্র কাউকে না জানিয়ে সমাবেশে গেছে। আমি শুধু শিক্ষকদের বিষয়টি খেয়াল রাখতে বলেছি, এর বেশি কিছু নয়।”এদিকে মাদ্রাসার মুহতামিম বলেন,ছাত্ররা যখন মাদ্রাসা থেকে বের হয় তখন তিনি মাদ্রাসায় ছিলেন না। সভাপতি ফোনে জানানোর পর তিনি ছাত্রদের খাওয়াদাওয়া করিয়ে ঘুমানোর ব্যবস্থা করেন।তিনি আরও জানান,“যারা বাড়িতে গেছে তাদের বিষয়ে আমি জানি না। তবে সভাপতি পরে মাদ্রাসায় এসে ছাত্রদের বুঝিয়েছেন এবং অনুতপ্ত হয়ে তাদের ক্ষমা করেছেন।”
