
মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং থানা পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার (২২ ডিসেম্বর) মহম্মদপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে পূর্বপ্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের নির্বাচনপূর্ব সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার এবং জনসেবা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
