
ডেস্ক :
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে তিনি তাৎক্ষণিক নির্দেশনা দিলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বাস্তব চিত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত বুধবার আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, শৌচাগার ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং শৌচাগারগুলোকে “ব্যবহারের অনুপযোগী” বলে মন্তব্য করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু হাসপাতাল পরিদর্শনে গিয়ে আগের দিনের একই চিত্র দেখতে পান।সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরে বিভিন্ন স্থানে খাবারের উচ্ছিষ্ট, পচা ভাত-তরকারি ও ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। কোথাও কোথাও আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ঝোঁপ ঝাঁড়ে মশার উপদ্রবও লক্ষ্য করা গেছে।হাসপাতালের একটি পরিত্যক্ত টিউবওয়েলের পাশে আগের দিন স্বাস্থ্যমন্ত্রী যেসব পচা খাবার অপসারণের নির্দেশ দিয়েছিলেন, বৃহস্পতিবারও সেখানে একই ভাবে আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।রোগীর স্বজন এম রহমান বলেন, ‘হাসপাতালের যেখানে-সেখানে ময়লা পড়ে থাকায় মশার উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গুসহ নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শৌচাগারের অবস্থা এতটাই খারাপ যে ব্যবহার করা কঠিন। মন্ত্রী নিজে দেখে পরিষ্কারের নির্দেশ দিলেও সেটি কার্যকর হয়নি।’
