
নড়াইলে পাটের বাজারে দুই সপ্তাহের মধ্যে মণপ্রতি দাম ৫০০ থেকে ৬০০ টাকা কমেছে। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৪৭০০ থেকে ৫১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এই দরপতনে চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা অনুমান করেছেন যে পাট কলে পাট কেনার অনিহায় হঠাৎ এই দরপতন ঘটেছে।
লোহাগড়া উপজেলার মিঠাপুর হাটে বুধবারের হাটে অনেক পাট অবিক্রিত থেকেছে। এই হাটে মানভেদে প্রতি মণ পাট ৪৭০০ থেকে ৫১০০ টাকা বেচাকেনা হয়েছে।
পাট চাষীরা জানিয়েছেন যে মৌসুমের শুরুতে দাম কম থাকলেও পরবর্তী সময়ে সর্বোচ্চ ৫৬০০ টাকা পর্যন্ত উঠেছিল। এই দামে পাট বিক্রির আশায় অনেক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী পাট মজুত করেছিলেন। কিন্তু হঠাৎ দরপতনে তাদের লাভের প্রত্যাশা অনেকটাই হয়ে গেছে। কেউ কেউ লোকসানের আশঙ্কাও করছেন।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর নড়াইলে মোট ২৩৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বিপরীতে ৫৮১৯৮ টন পাট উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলার বড় পাটের মোকামগুলোর মধ্যে সদর উপজেলার তুলারামপুর, মাইজপাড়া ও রূপগঞ্জ বাজার, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজার, লোহাগড়া বাজার, মিঠাপুর বাজার ও দিঘলিয়া বাজার, কালিয়া উপজেলার কালিয়া, বড়দিয়া ও নড়াগাতি বাজার উল্লেখযোগ্য।
এদিকে পাটের ওজন নিয়েও অভিযোগ তুলেছেন কৃষকেরা। তাদের দাবি, প্রচলিত হিসাবে এক মণ ৪০ কেজি হলেও কোনো কোনো ক্ষেত্রে ৪২ কেজিতে এক মণ পাট হিসাব করা হচ্ছে। এতে প্রতি মণে কৃষককে অতিরিক্ত প্রায় দুই কেজি পাট দিতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
