
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপি ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সদরে এই ঘটনা ঘটে। আহত মোসলেম উদ্দিনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশী অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে। এ সময় পুলিশ গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌরসভার বিএনপি সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
