খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৭-এ স্থান পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক কিউএসের এ তালিকায় বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ৩০১ থেকে ১ হাজার ৪০০-এর মধ্যে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ১৩তম এবং বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে; এর মধ্যে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। নোবিপ্রবি ১৩তম অবস্থানে থাকলেও একই র‍্যাঙ্কিং ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি রয়েছে।

সূচকভিত্তিক ফলাফলে নোবিপ্রবির পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব ও সুশাসন—তিনটি প্রধান ক্ষেত্রেই অবস্থান ১ হাজার ২৫১তম বা পরবর্তী ব্যান্ডে। তবে উপসূচকগুলোর মধ্যে পরিবেশগত গবেষণায় বিশ্বে ৫৮৫তম এবং জ্ঞান বিনিময়ে ৪৯৩তম অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি। কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে পরিবেশগত প্রভাব ও সামাজিক প্রভাবকে ৪৫ শতাংশ করে এবং সুশাসনকে ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। নয়টি উপসূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

অর্জনের বিষয়ে র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হুসাইন বলেন, প্রথমবারের মতো কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া আনন্দের। তিনি এ অর্জনে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সহযোগিতার কথা উল্লেখ করেন। তাঁর মতে, শিক্ষার্থীরা এই অর্জনের প্রকৃত সুফল পেলে এবং এর মাধ্যমে তাদের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সমৃদ্ধ হলে পরিশ্রম সার্থক হবে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করছেন এবং শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রকল্পে কাজ করছে। র‍্যাঙ্কিংয়ে অর্জিত অবস্থান মূলত এসব গবেষণা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তিনি জানান, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়ের অবস্থান এসেছিল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ করছে; তবে কিছু ক্ষেত্রে ঘাটতি থাকায় পয়েন্ট কম এসেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপ-উপাচার্য বলেন, বহুমাত্রিক গবেষণা, গবেষণা প্রকল্পে অর্থায়ন, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানে ছাদে সৌরবিদ্যুৎ ও সবুজায়নের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন ও উপাচার্যের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের কার্যক্রম মূল্যায়ন করা হয়।

November 19, 2026
প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT