
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইসতিয়াক রনি (২২), সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম রেজা (৫২) এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ রানা (২৯)।
শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯ (৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় একটি মামলা করা হয়। মামলার এফআইআর নম্বর-১৭ এবং জিআর নম্বর-৩২৭। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযানে নামে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর পৌর এলাকার ধুনট মোড় থেকে ইসতিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে সেলিম রেজাকে এবং একই সময় মির্জাপুর বাজার এলাকা থেকে শহিদ রানাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
