
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার ব্যক্তিকে বাংলাদেশে পুশ করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)’র সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ভোররাত দুইটার দিকে ওই চার ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকাল সাড়ে সাটার দিকে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তथ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের ওই প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়েছে।
