মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলের মধ্যকার ভুল বুঝাবুঝি ও বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাহাড়ী-বাঙ্গালী, বিশ্বাসী-অবিশ্বাসী সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। দলের প্রবীণ নেতৃত্ব ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বাগেরহাটের রামপালে বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মুলত লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম লন্ডন সফর শেষে শুক্রবার তার নিজ এলাকায় আসাকে কেন্দ্র করে এক স্বাগত ও সংবর্ধনা সমাবেশের আয়োজন করে রামপাল-মোংলার বিএনপির নেতা-কর্মীরা। বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শুক্রবার বিকেলে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বাগেরহাট কাটাখালী-নওয়াপাড়া মোড় থেকে শতশত গাড়ী বহর নিয়ে তাকে স্বাগত জানিয়ে সংবর্ধনা-সমাবেশ স্থলে আসেন। এরপর বিকেল সাড়ে ৫টায় রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে তাকে ফুলেল সংবর্ধনা জানান নেতা-কর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল।