নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে একে একে ১৬ জন নারীকে বিয়ে, প্রতারণা এবং নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীরা সরব হয়ে উঠেছেন। চাকরি, সম্পত্তি কিংবা বিদেশে পাঠানোর আশ্বাসে বিয়ের ফাঁদে ফেলে পরে একের পর এক সংসার ভাঙার অভিযোগ করেছেন একাধিক নারী।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের কাশিপুরে বন সংরক্ষক কার্যালয়ের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগগুলো প্রকাশ্যে আসে। অভিযোগে বলা হয়, সরকারি ক্ষমতা ও প্রভাব খাটিয়ে এই কর্মকর্তা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলায় কর্মরত থাকাকালে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং একপর্যায়ে বিয়ে করেছেন।অভিযোগ অনুযায়ী, এসব বিয়ের পেছনে ছিল পরিকল্পিত প্রতারণা। কখনও চাকরির প্রতিশ্রুতি, কখনও বিদেশে পাঠানোর সুযোগ, আবার কখনও সম্পত্তি লিখে নেওয়ার চাপ—এসব কৌশলের মাধ্যমে নারীদের প্রভাবিত করে বিয়ে করেন তিনি। বিয়ের পরপরই শুরু হতো মানসিক ও শারীরিক নির্যাতন। যৌতুকের দাবি মেটানো না গেলে শুরু হতো সংসার ভাঙনের প্রক্রিয়া।সম্প্রতি এই বন কর্মকর্তা ১৪ ফেব্রুয়ারি খুলনার এক চাকরিজীবী নারীকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, বিয়ের একদিন পরেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন তিনি। রাজি না হওয়ায় ওই নারীকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়।ভুক্তভোগীদের ভাষ্যমতে, এই কর্মকর্তা এর আগে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন। বিভিন্ন থানায়, আদালতে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অভিযোগ করেও দীর্ঘদিন বিচার না পাওয়ায় তারা হতাশ। যদিও একবার প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলেও, প্রভাবশালীদের হস্তক্ষেপে দ্রুত জামিনে মুক্তি পান তিনি।ঘটনার তদন্তে ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বরিশালে এসে কাজ শুরু করেছে। তারা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তার পক্ষ থেকে এখনো পর্যন্ত গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তার আইনজীবীর পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করে বলা হয়েছে, এসব ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।এ ঘটনার পর সামাজিকভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কীভাবে একের পর এক নারীকে বিয়ে ও প্রতারণার ফাঁদে ফেলতে পারেন—তা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।