তেরখাদা প্রতিনিধি : আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খুলনার তেরখাদা উপজেলায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮টি, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।পূজাকে কেন্দ্র করে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ, অলঙ্করণ ও আলোকসজ্জার কাজ। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুর।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা বলেন, ‘গত বছর তেরখাদায় ৮৫টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল। এবার সেটা বেড়ে হয়েছে ৯৮টি। উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘প্রতিটি মণ্ডপে পুলিশের টহল থাকবে। প্রয়োজন অনুযায়ী র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবে।'মণ্ডপগুলোতে রঙিন কাপড়, বেলুন ও বৈচিত্র্যময় আলোকসজ্জায় সাজানো হচ্ছে। বড় বড় মণ্ডপে ডিজিটাল লাইটিংও ব্যবহার করা হয়েছে। আয়োজকেরা জানান, প্রতিমা তৈরিতে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে।২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুর্গোৎসব চলবে ৫ দিন—ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী ধর্মীয় নিয়মে উদযাপন করা হবে। পূজাকে ঘিরে এখন তেরখাদার অলিগলিতে বইছে উৎসবের আমেজ।