নিজস্ব প্রতিবেদক : এক বিরল রাজনৈতিক দৃশ্যে, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ এবং একসময় তাকেই গ্রেপ্তার করা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রেয়াস নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মুখোমুখি আলোচনায় বসেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গত বছর সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আল-শারআ ক্ষমতায় আসেন। বর্তমানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, পেট্রেয়াস ছিলেন ইরাকে মার্কিন বাহিনীর প্রধান এবং পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত আল-শারআ পেট্রেয়াসের বাহিনীর হাতেই বন্দি ছিলেন।নিউইয়র্কে অনুষ্ঠিত কনকর্ডিয়া বার্ষিক সম্মেলনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। পেট্রেয়াস স্বীকার করেন যে তাদের একসঙ্গে বসা অস্বাভাবিক মনে হলেও তিনি আল-শারআর রাজনৈতিক রূপান্তরের প্রশংসা করেন। তিনি বলেন, একজন বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা "মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নাটকীয় পরিবর্তন।"আবেগঘন কণ্ঠে আল-শারআ বলেন, "একসময় আমরা যুদ্ধে ছিলাম, এখন সংলাপে। যুদ্ধের অভিজ্ঞতা থাকা মানুষই সবচেয়ে ভালো জানে শান্তির মূল্য।" তিনি আরও বলেন, “অতীতকে আজকের নিয়মে বিচার করা যায় না।” আল-শারআ তার অতীত আল-কায়েদা সংশ্লিষ্টতার বিষয়ে বলেন, "হয়তো কিছু ভুল হয়েছিল, কিন্তু এখন মূল লক্ষ্য সিরিয়াকে স্থিতিশীল করা।"মার্কিন সরকার ২০১৮ সালে আল-শারআর নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। তবে এ বছর জুলাইয়ে সেই তকমা প্রত্যাহার করা হয় এবং তার মাথার জন্য ঘোষিত ১ কোটি ডলারের পুরস্কারও গত ডিসেম্বরে তুলে নেওয়া হয়।আল-শারআ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত রোববার নিউইয়র্কে পৌঁছান। প্রায় ছয় দশক পর কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘের এই অধিবেশনে অংশ নিলেন।