মোল্লা জাহাঙ্গীর আলম/ স্টাফ রিপোর্টার //দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।গত শনিবার ১১ অক্টোবর ২০২৫ এর সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৫ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে।রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ১২২ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৫১ হাজার ৭৮৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।