
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। টাউন হল মাঠে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী সমাবেশ আহবান করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ) আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
অপরদিকে, একই দিন ওই মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন এ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারীরা।
দলীয় সূত্রে জানা যায়, এ আসনে গত ৩ নভেম্বর মো. মনিরুল হক চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার পর থেকে টানা ১১ দিন হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন তার অনুসারীরা। নির্বাচনকে সামনে রেখে একই মাঠে একই দিনে দুই পক্ষের অনুষ্ঠান আহ্বানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষই মাঠে কর্মসূচি পালন করার সিদ্ধান্তে অনঢ় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের এমন কর্মসূচিতে নগর জুড়ে চলছে ক্ষোভ ও উত্তেজনা। এ নিয়ে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন নগরবাসী।
বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘টাউন হল মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা ভাড়ার রিসিট সংগ্রহ করে গত ১৭ নভেম্বর মাঠখানা দুই দিনের জন্য (২০ ও ২১ নভেম্বর) বরাদ্দ নেওয়া হয়েছে। জনসভা বাস্তবায়নে সহযোগিতা চেয়ে আজ বুধবার কোতোয়ালি মডেল থানার ওসির নিকট পত্র দেওয়া হয়েছে। জনসভাকে সামনে রেখে শেষ সময়ে এসে জানতে পারলাম, একই মাঠে একই দিন বিএনপির অপর একটি গ্রুপ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। বিষয়টি আমরা দলীয় নেতা ও প্রশাসনকে জানিয়েছি, তারা দেখছে।’
অপর দিকে এ বিষয়ে হাজী ইয়াছিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারী আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান সমকালকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা টাউন হল মাঠ বরাদ্দ চেয়ে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে। আমরা নির্ধারিত সময়ে বৃহস্পতিবার কর্মসূচি পালন করবো। এখানে অন্য কারও কর্মসূচি আছে কিনা তা আমাদের জানা নেই।’
বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সকালকে বলেন, ‘সব নিয়ম অনুসরণ করে টাউন হল মাঠ বরাদ্দ নেওয়া হয়েছে। দলের জেলা ও মহানগর নেতারা জনসভা সফল করতে কাজ করছেন এবং এ বিষয়টিও তারা দেখছেন।’
আজ সন্ধ্যায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, আগে মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে ব্যাংকে টাউন হল ভাড়ার টাকাও জমা দেওয়া হয়েছে। দুইটি পক্ষই বিএনপি দলীয়। তাই উত্তেজনা না ছড়িয়ে তারা দলীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে আশা করছি। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।