খুলনার সময়ের খবর ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় 'ইউনিফাইং ক্যারেক্টার' হিসেবে আবির্ভূত হয়েছেন এবং বিষয়টি দেশের জন্য একটি আশীর্বাদ বা 'ব্লেসিং' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক পালাবদল বা ট্রানজিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।শুক্রবার (২৮শে নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য ও প্রার্থনা করেন। মোস্তফা সরয়ার ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, তার পুরো নিউজফিড জুড়ে বর্তমানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানুষের দোয়া ও প্রার্থনা দেখা যাচ্ছে।তিনি বলেন, এই পোস্টগুলো কেবল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছেন। ফারুকীর মতে, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না।খালেদা জিয়ার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, কোনো প্রকার 'কালচারাল সফট পাওয়ারের' সহায়তা বা তথাকথিত কোনো 'বুদ্ধিজীবী গ্যাংয়ের' জপনা ছাড়াই খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় 'ইউনিফাইং ক্যারেক্টার' হয়ে উঠেছেন। এই ঘটনাকে তিনি এক প্রকার 'ব্লেসিংস' হিসেবে অভিহিত করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে বাসায় ফিরে আসেন এবং দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেন।এদিকে, গত ২৩শে নভেম্বর রাত ৮টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় ২৭শে নভেম্বর দুপুরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বয়সজনিত কারণে তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগছে।সিসিইউতে স্থানান্তরের পর তার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার চিকিৎসার বিষয়ে লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে মেডিকেল বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস ও কিডনি জটিলতাসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন। তার আশু রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।