খুলনার সময়ের খবর ডেস্ক:
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর সেজে প্রতারণার চেষ্টা করতে গিয়ে অবশেষে ধরা পড়েছে খুলনার ডুমুরিয়ার আলামিন সরদার (২৬)। শনিবার সকাল থেকে শুরু করে রবিবার দুপুর পর্যন্ত টানা অভিযানের পর তাকে গ্রেফতার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
আলামিন সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামের মো. ইজাহার সরদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন এএসআই আতিকুর রহমান চৌধুরী। প্রশ্নের মুখে আলামিন নিজেকে যশোরের ঝিকরগাছা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর পরিচয় দেন।
কিন্তু কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তার বিপি নম্বর ও অফিসিয়াল পরিচয়পত্র চাইলে সে কোনো বৈধ তথ্য দেখাতে পারেনি। পরে তার মোবাইলে থাকা ছবি ঝিকরগাছা থানায় পাঠিয়ে নিশ্চিত হওয়া যায়—আলামিন কখনোই বাংলাদেশ পুলিশে চাকরি করেননি।
পরে তার কাছ থেকে উদ্ধার করা হয়— সাদা কাগজে তৈরি জাল পুলিশ পরিচয়পত্র, পুলিশ ইউনিফর্ম, পুলিশের বেল্ট, একটি মোবাইল ফোন, একটি কালো ব্যাগসহ মোট ৬টি আলামত।
রবিবার দুপুরে তাকে থানায় আনা হয় এবং ঈশ্বরদী রেলওয়ে থানায় প্রতারণা ও ভুয়া পরিচয় প্রদর্শনের অভিযোগে মামলা নং–০২ দায়ের করা হয়।
এ বিষয়ে ওসি মো. জিয়াউর রহমান বলেন—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামি ভুয়া পরিচয়ে পুলিশ সদস্য সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ পাততে এসেছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।