সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
কালিগঞ্জে দুইজন ব্যাক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। (১ ডিসেম্বর) সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে গৃহবধু হালিমা খাতুনের মাথায় গুলি লাগায় তাকে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর জন গুলিবিদ্ধ হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। গুলিবিদ্ধ হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। অন্যদিকে আহত হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের ইয়ার আলীর ছেলে। হালিমার পুত্র সাইফুল্লাহ মনির জানান, বাড়ির পাশের মাঠে হট্টগোলের শব্দ শুনে তার মা বাইরে বের হলে হঠাৎ মাথায় এসে গুলি লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন। এদিকে ঘটনার পেছনে পারিবারিক জটিলতা ও অবৈধ সম্পর্কজনিত বিরোধের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কৃষ্ণনগর গ্রামের জব্বার দরফদারের ছেলে ইয়ার আলী সোতা গ্রামের এক নারীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন। সোমবার ইয়ার আলীর স্ত্রী ও ছেলে হৃদয় তাকে খুঁজতে ঐ নারীর বাড়িতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তিনি দাবি করেন, ওই সময় হালিমা খাতুন পথ দেখিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই ঘটনায় ইয়ার আলীর ছেলে হৃদয়ও গুলিবিদ্ধ হয়। তবে এ তথ্য কোনো দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা হালিমা খাতুনকে হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালমান রহমান জানান, হালিমা খাতুনের মাথায় গুলি লাগায় তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয়রা বিষয়টির সত্যতা উদঘাটনে কাজ করছে।