কূটনৈতিক প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদের নির্বাচনী প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত ১১ ডিসেম্বর ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসকে এক চিঠিতে পর্যবেক্ষণে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
কাজা কাল্লাসকে লেখা চিঠিতে সিইসি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে পর্যবেক্ষণে ইইউর নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠাতে আমন্ত্রণ জানাচ্ছি।’
চিঠিতে জোর দিয়ে সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদের নির্বাচনী প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থপূর্ণ অবদান রাখতে পারে।
ফলে আমরা নির্বাচন-পূর্ব প্রস্তুতি, ভোটগ্রহণ কার্যক্রম, ভোট গণনা এবং নির্বাচন-পরবর্তী পদ্ধতিসহ সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইইউর মনোনীত পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানাই। বাংলাদেশ নির্বাচন কমিশনের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমের জন্য নির্দেশিকা ২০২৫ এর অনুযায়ী পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন।’