স্টাফ রিপোর্টার, এস মেহেদি হাসান, খুলনা:ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিম দাসপাড়া সার্বজনীন পূজা মন্দিরে শুক্রবার বিকাল তিনটার সময় এক আবেগঘন প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় উপলক্ষে এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার শান্তি কামনায় এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
খুলনা জেলা পূজা ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব কুমার দাসের নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রার্থনা শেষে ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন উপস্থিত সনাতনীদের উদ্দেশ্যে বলেন, “আমরা চাই দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। নতুন সরকার সকল নাগরিককে নিয়ে এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করা জরুরী। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন সম্রাট দাস, সদায় দাস, সুজিত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলকামনা করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রার্থনা অনুষ্ঠান সম্প্রীতি, ঐক্য ও গণতান্ত্রিক চেতনাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা জানান।