নিজস্ব প্রতিনিধি :খুলনা মেট্রোপলিটন এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে ১৬ মার্চ ২০২৬ খ্রি. তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, নগরীতে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল, অতিরিক্ত গতিতে গাড়ি চালনা, মোটরযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কের উপর অবৈধ হাটবাজার ও স্থাপনা অপসারণ, অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।এসময় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জাকিয়া সুলতানা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।