মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার ৪ মে বিকেল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় এক নারী দ্রুত বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশি জটিলতার কারণে কয়েকটি বেসরকারি ক্লিনিক চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির পর রাজু রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় এক নারী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ছোটেন। নগরীর কয়েকটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলেও ‘পুলিশ কেস’ উল্লেখ করে তারা ভর্তি নিতে চায়নি। প্রায় ৫ ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাজুর পেটে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে।
কে বা কারা, কী কারণে গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে লবণচড়া থানাধীন ৮০ বিঘা এলাকার ‘শিশু বাগান’ এলাকায় একটি ফাঁকা গুলির শব্দ শোনার পর পুলিশ অভিযান চালায়। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। কাউকে আটকও করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশকে বিভ্রান্ত করতেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
একই দিনে নগরীর দুই প্রান্তে গুলির ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না,তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা দুটো ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। রাজুকে গুলি করার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। লবণচড়ার ঘটনাটিও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে।