স্টাফ রিপোর্টার, খুলনা: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য হিসেবে খুলনার দুই সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ সম্প্রতি প্রকাশ করা হয়।প্রকাশিত আদেশে জানানো হয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর ২০(১)(খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা এ আদেশে মাননীয় স্পীকারের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট মহল মনে করছে, খুলনা অঞ্চলের স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসা গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই দুই সংসদ সদস্যের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে, দুই সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।