মোল্লা জাহাঙ্গীর আলম:
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক ঠিকাদার। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড়ে আল হেরা জামে মসজিদের তৃতীয় তলার অফিস ভবনে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ শেখ হারুনুর রাশিদের বয়স ৬২ বছর। তিনি খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা এবং শেখ আব্দুর রউফের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সমিতির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে আলোচনার সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।