
প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন চট্টগ্রামে। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা পরিদর্শন করবেন তিনি। এসফর সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম সফরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ওই দিন সন্ধ্যা ৬টায় জেএম সেন হল পূজামণ্ডপে পৌঁছে পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এর আগে গত ৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর করা হয়েছিল। ওই সফরে বন্যাদুর্গতদের জন্য সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পরে রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে দলীয় তৃণমূল নেতাদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।