
সৌদি আরবের রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চারজন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দেশটির সংবাদমাধ্যম আজেল এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
একই সঙ্গে অনুদানের জন্য কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। এভাবে অনুদান প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব বলে জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে চলমান উদ্যোগের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার রোধ এবং অনুদান যথাযথ মাধ্যমে অভাবীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে।
অন্যদিকে, সৌদির আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও একজন বিদেশি নাগরিককে আটক করেছে বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। একটি গাড়িতে লুকিয়ে রাখা ৭০ কেজি মাদক পরিবহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।