![]()
বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকবে। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামি দলগুলোর জন্য একটি পৃথক বড় নির্বাচনী জোট গঠন করার প্রস্তুতিও নিচ্ছে দলটি।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ সাক্ষাতকারে এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকবে এবং জোটের সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই তাদের প্রধান দাবি।
হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ধারার সাতটি সমমনা দলের বৈঠক সম্পর্কে আতাউল্লাহ আমীন বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মপদ্ধতি, রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি থাকে। জামায়াতে ইসলামি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই বাংলাদেশ খেলাফত মজলিসও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণের অংশ হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে প্রাথমিকভাবে সাতটি ইসলামি দল একত্রে এসেছে। এই দলগুলোর পাশাপাশি অন্যান্য সমমনা ইসলামি দলকে নিয়ে বড় নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
আতাউল্লাহ আমীনের কথায়, জাতীয় পর্যায়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সঙ্গে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে পৃথক নির্বাচনী ঐক্য গড় তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।