
মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও ব্যবসায়ীদের উদ্যোগে মোংলা কাস্টমস হাউসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিদেশি নাবিকদের হুমকি দেওয়া এবং চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা একই সঙ্গে তাঁর অপসারণ ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে কাস্টমস কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধনে বক্তারা জানান, ওই কর্মকর্তা বিদেশি নাবিকদের ভয়ভীতি প্রদর্শন, কাস্টমস সংক্রান্ত সেবা ও ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় এবং জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট নিয়ে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধি শেষে মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ গিয়াস কামালের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কমিশনার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে তার একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।