
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় দলের গণসংযোগ কর্মসূচির সময় এই ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণসংযোগের এক পর্যায়ে পাটওয়ারীর কাছে পৌঁছানো এক ব্যক্তি তাঁর গালে চুমু দেন।
এনসিপি জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এই গণসংযোগের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করে গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওই ঘটনাকে ঘিরে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা 'চুমুকাণ্ড' নামে আলোচিত হয়। এখন নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।