
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তিন মাদরাসা শিক্ষার্থীকে ভুয়া ভোটার সন্দেহে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলো কেন্দ্রটিরই শিক্ষার্থী হিমেল (আলিম দ্বিতীয় বর্ষ), সিয়াম ও মিনহাজ (আলিম প্রথম বর্ষ)।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, “সবার সহযোগিতায় তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে রাখা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সকাল ৮টা থেকে এ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এ আসন থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।