
ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা শুনলেন ডিসি
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে গণশুনানি অনুষ্ঠিত করেছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, চিকিৎসা সহায়তা, জমি-সম্পর্কিত জটিলতা, কর্মে অক্ষমতা ও আর্থিক অসচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেন এবং সমস্যার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের সময় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ প্রতিশ্রুতিবদ্ধ।