
ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুজন ছুরিকাঘাতে আহত
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেয়াকো বাজারে শনিবার রাত ১০টার দিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আহত ঘোষণা কবিরের অবস্থা গুরুতর।
সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গী ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।