
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানানো হয় জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।
বহিষ্কৃত মোজাম্মেল হক ভূঁইয়া উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে যেকোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায়। অভিযানে খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত বলে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) এবং সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।
এদিকে জেলা যুবদলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাঁদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে একজন দলীয় নেতাকে বহিষ্কারের এই উদ্যোগ যুবদল ও জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।