
পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির কাতল, তিন মাছের দাম ১ লাখ ১৪ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুর্লভ আকারের একটি কাতলা ও দুটি চিতল মাছ। স্থানীয় আড়তে নিলামের পর মাছ তিনটি অনলাইনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায়।
শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। মন্টু হালদারের জালে ওঠে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতলা, আর মিঠু হালদারের জালে ধরা পড়ে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল।
বেলা ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার একটি আড়তে আনা হয়। দীর্ঘদিন পর এত বড় মাছ দেখে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়; ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
আড়তে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি কাতলাটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকায় মোট ৫৮ হাজার ৫১৫ টাকায় এবং দুটি চিতল প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকায় মোট ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন। সব মিলিয়ে তিনটি মাছের দাম দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।
এরপর সম্রাট শাহজাহান শেখ অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। শেষে ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে তিনি কাতলাটি বিক্রি করেন প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকায়, যার দাম ৫৯ হাজার ৭৬০ টাকা; আর দুটি চিতল বিক্রি করেন প্রতি কেজি ৪ হাজার টাকায়, যার দাম ৫৫ হাজার ২০০ টাকা। এতে তিনটি মাছের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
সম্রাট শাহজাহান শেখ জানান, বর্তমানে পদ্মার বড় আকারের মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। তাঁর মতে, অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীদের আয় বাড়াচ্ছে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মার মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে তা আলাদা পরিচিতি পেয়েছে। বড় আকারের চিতল, কাতল, বোয়াল ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতি ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।
তিনি আরও জানান, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে এবং জেলে ও মৎস্যজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
