
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত বরকত উল্লাহ লিমন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বড়হিত এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, ওই ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক আইডির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের মাঝে লিমন ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর একটি মামলার (এফআইআর নম্বর ১৩, জিআর নম্বর ১৮৩) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বরকত উল্লাহ লিমন (৩০) বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
