খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার চূড়ান্ত হয়েছে। নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। বিদেশি পর্যটক, চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ করাই এ সংস্কারের উদ্দেশ্য বলে ভারত সরকার বলছে। সরকারের দাবি, পরিবর্তনের আগে বিভিন্ন উন্নত দেশের ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ভিসা ক্যাটাগরি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার পর নতুন কাঠামো চূড়ান্ত করা হলো। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদের কাজ চলছে এবং নতুন পুনর্বিন্যাস করা ব্যবস্থায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম বদলে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। এ ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশযাপন এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়া যাবে। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন, এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য ভি-২ ভিসা দেওয়া হবে; যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ এক, পাঁচ বা ১০ বছর হবে। ভি-২-এ ভি-১-এর সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন এসেছে। নতুন নিয়মে এম-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে, আর আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য দেওয়া হবে এম-৩ ভিসা। দুই ক্ষেত্রেই সাধারণ ও ই-ভিসার মেয়াদ হবে এক বছর এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসা রাখা হয়েছে—এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-২ এবং এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-৪ ভিসা পাবেন। দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ফলোআপে থাকা বিদেশি রোগীদের জন্য নতুন ব্যবস্থা সহায়ক হবে বলে ভারত সরকার মনে করছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এস-১-এ স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত। এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং ফ্যাকাল্টি, বৈজ্ঞানিক, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারবেন; কোর্সের মেয়াদ কম হলে ভিসার মেয়াদও সে অনুযায়ী নির্ধারিত হবে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। বি-১ ভিসায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে; ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়তে আগ্রহী বিদেশিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। বি-২ ভিসার আওতায় স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজ করা যাবে, যার মধ্যে উৎপাদন খাতে বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত। ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশি বিশেষজ্ঞরা এর আওতায় আসবেন। এসব পেশাজীবী ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরিতে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারবেন; আগে এ ধরনের কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো।

নতুন কাঠামোয় মূল ক্যাটাগরি নয়টি—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন। এ ছাড়া ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত কিছু দীর্ঘমেয়াদি ভিসাও এ ক্যাটাগরির আওতায় থাকবে।

বর্তমানে ভারতের ১৩টি উপক্যাটাগরির আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয় এবং বিশ্বের ১৭২টি দেশের নাগরিক এ সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর হলে বিদেশিদের জন্য পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে ভারত সরকার আশা করছে।

November 14, 2026
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT