
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণে উদ্যোগ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, নাশকতা ও সন্ত্রাসের যেকোনো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ এবং তা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির আরও সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।
বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তেরও সুপারিশ করেন।
সীমান্ত নিরাপত্তা জোরদারে উন্নত দেশগুলোর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন তুলে ধরেন হুইপ রকিবুল ইসলাম। তিনি ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর পরামর্শও দেন।
মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এটি কোনো একটি মন্ত্রণালয় বা বাহিনীর একক দায় নয়, বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
সভায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়।
চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। কমিটির সদস্যরা যৌথ নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
