
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। এর ফলে সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে।
আলজাজিরার এক প্রতিবেদনে সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন যে রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরি সক্রিয় ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগেই হামলা চালাতে পারে বলে ইরানকে হুশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তাঁর আশঙ্কা, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে হামলার প্রস্তুতিতে সময় নিচে।
অন্যদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এর আগে বাহরাইন দাবি করেছিল, ইরানের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। মানামা তেহরানের এই কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে এ ধরণের সপ্তম ঘটনা এটি। এর ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।