
ই-স্পোর্টস প্রেমীদের জন্য 'সার্কেল গেমিং এরিনা'; পুরস্কার ২৫ লাখ টাকা
দেশের তরুণ গেমিংপ্রেমীদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশে দক্ষতা প্রদর্শন এবং ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে রবি অ্যাক্সিয়াটা পিএলসি-এর ব্র্যান্ড 'সার্কেল' বড় পরিসরের ই-স্পোর্টস টুর্নামেন্ট 'সার্কেল গেমিং এরিনা' চালু করেছে। টুর্নামেন্টে বিজয়ীদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর রবি অ্যাক্সিয়াটা পিএলসি কর্পোরেট অফিসে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং সার্কেল মার্কেটিংয়ের প্রধান মুহাম্মদ আব্দুল হাইসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পাবজি মোবাইল এবং ই-ফুটবল এই দুটি গেম অন্তর্ভুক্ত থাকবে। পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়েছে। ১৮ নভেম্বর থেকে 'মাই সার্কেল অ্যাপ'-এর মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। অংশগ্রহণের জন্য প্রতিটি দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে।
গত সংস্করণে ২ হাজার ৫০০-এর বেশি গেমার অংশগ্রহণ করেছিলেন এবং গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল, যেখানে ৭ লাখের বেশি লাইভ দর্শক ছিলেন। এছাড়া টুর্নামেন্ট সংক্রান্ত কন্টেন্ট সামাজিক মাধ্যমে ৫ কোটির বেশি ভিউ পেয়েছে।
সার্কেল দীর্ঘদিন থেকে মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট, এ ওয়ান ই-স্পোর্টসের সাথে অংশীদারিত্ব এবং কোডাশপ ও মিডাসবাইসহ ৮০টির বেশি গেমিং পরিষেবার মাধ্যমে গেমিং কমিউনিটিকে সহায়তা করে আসছে। ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম কেনাকাটার সুবিধাও প্রদান করছে কোম্পানি।
টুর্নামেন্ট সম্পর্কে জিয়াদ সাতারা বলেন, বাংলাদেশের তরুণদের জন্য গেমিং এখন ক্যারিয়ার গড়া এবং বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে প্রতিভাবান গেমারদের জন্য বড় মঞ্চ তৈরি করা হচ্ছে।
নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীদের 'মাই সার্কেল অ্যাপ' খুলে 'সার্কেল গেমিং এরিনা' ব্যানার বেছে নিতে হবে। গেমিং ক্যাটাগরি এবং দলের তথ্য জমা দেওয়ার পর ইমেইলের মাধ্যমে সার্কেল ডিসকর্ড সার্ভারে প্রবেশের সুযোগ পাবেন।
টুর্নামেন্টটি 'সার্কেল গেমিং এরিনা ফেস্ট'-এর মাধ্যমে শেষ হবে। ফাইনাল ম্যাচ ল্যান ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ইভেন্টের তারিখ, খেলার সূচি এবং লাইভস্ট্রিমের বিস্তারিত পরে সার্কেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে জানানো হবে।