
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি। একদিনের এই সরকারি সফরে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাটে অবস্হানকালে তারেক রহমান বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আয়োজিত প্রথম জাতীয় ‘এরো-জিনিয়াস’ প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
সফরের দ্বিতীয় পর্বে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও তিনি অংশ নেন।
বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম লালমনিরহাট সফর।