
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) 'গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে জানায়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এতে মিয়ানমারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়েছে।
রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত 'ক্লিয়ারেন্স অপারেশন' বা নির্মূল অভিযানের সময় এই ঘটনা ঘটে। গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশনের অধীনে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। মামলায় গাম্বিয়ার পাশাপাশি আরও ১১টি রাষ্ট্র অংশ নিয়েছিল।
আদালতের পর্যবেক্ষণ
বিচারকদের মতে, মিয়ানমার কেবল গণহত্যা প্রতিরোধেই ব্যর্থ হয়নি, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্বও পালন করেনি। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যার ঝুঁকি ঠেকানো এবং এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা ছিল মিয়ানমারের দায়িত্ব বলে রায়ে উল্লেখ করা হয়।
তবে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আদালত মিয়ানমারকে দায়ী করেনি—ব্যক্তিগত পর্যায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগে। এ ছাড়া গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো ও সেগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া এক অন্তর্বর্তী আদেশে প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মিয়ানমার সে নির্দেশনা যথাযথভাবে পালন করেনি বলে রায়ে আশঙ্কা প্রকাশ করা হয়।
আদালতের নির্দেশনা
কনভেনশন লঙ্ঘনের দায়ে আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং চলমান লঙ্ঘন বন্ধ করা। গণহত্যা ও কনভেনশনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করতে হবে, এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারকেরা।
রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা
রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার। আদালত মিয়ানমারের ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে এবং বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি বাস্তুচ্যুতির কারণে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রয়েছে রায়ে।
তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা প্রদানের পদ্ধতি এখনই নির্ধারণ করা হয়নি; এ বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণে নেওয়া ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতির বিস্তারিত থাকতে হবে।
পটভূমি
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই রায়ের মধ্য দিয়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলো।