
দক্ষিণ কোরিয়ায় আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাত্র ১০ বছরের মুনতাছির আবিদ নিবির। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেই আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
ঘি কমলা গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান ও শিক্ষক নাসরিন বেগম দম্পতির ছেলে নিবির। সম্প্রতি এমএফই সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্ব স্বাক্ষর করেই তিনি আন্তর্জাতিক পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পান। গতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও মেডেল হস্তান্তর করা হয়।
ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ নিবিরের। ইন্টারনেটে বিজ্ঞান বিষয়ক ভিডিও দেখে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল ফোনকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি। নিজের আগ্রহ থেকেই অনলাইনে আবেদন করে জাতীয় অলিম্পিয়াডে অংশ নেন।
ছেলের সাফল্যে আনন্দিত মা নাসরিন বেগম বলেন, “ছোটবেলা থেকেই নিবিরের নতুন কিছু জানার আগ্রহ অনেক। আমরা সব সময় তার আগ্রহকে গুরুত্ব দিয়ে উৎসাহ ও সহযোগিতা করেছি। আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের সম্মান বয়ে আনবে, এটাই আমাদের প্রত্যাশা।”
নিবিরের অর্জনে গর্বিত হন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার মন্তব্য করেন, “নিবির অত্যন্ত মেধাবী ও কৌতূহলী একজন শিক্ষার্থী। তার এই অর্জনে আমরা সবাই গর্বিত। আশা করি, আন্তর্জাতিক অলিম্পিয়াডেও ভালো ফলাফল করে দেশের সুনাম বয়ে আনবে।”
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামও নিবিরের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “মাত্র ১০ বছর বয়সে নিবিরের এমন অর্জন পুরো বালিয়াকান্দির জন্য গর্বের বিষয়। তার এই স্বপ্নযাত্রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা চাই, আন্তর্জাতিক মঞ্চে সে দেশের মুখ উজ্জ্বল করুক।”
পারিবারিক, শিক্ষক ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে নিবির বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতিতে ব্যস্ত। তার হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উজ্জ্বল হবে এমন প্রত্যাশা लिये আছেন রাজবাড়ীবাসীরা।