
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সীমান্ত পেরিয়ে পুশ ইন করার চেষ্টা চলছে। তিনি এ ধরনের চেষ্টা রুখতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, “সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশ ইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।”
রাশেদ খানের মতে, শেখ হাসিনাকে শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠানো যাবে।
তিনি বলেন, “অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।”
আইনের বাইরে যেকোনো প্রক্রিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে তিনি আরও বলেন, “বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনো অন্যায়ের মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাল্লাহ।”