
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের ওপর হেনস্থা ও হামলার অভিযোগ উঠেছে। সংগঠনের দাবি, মঙ্গলবার (২৪ নভেম্বর) নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তারা ক্যাম্পাসে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালায়।
ছাত্রশক্তির ভাষ্য অনুযায়ী, ওই দিন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রশিদ দিনার ও সদস্য সচিব আবদুর রহমান কলেজ অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় যান। এ সময় তাদের হেনস্থা ও হামলা করা হয়। আহতদের মধ্যে কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ কয়েকজন রয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনাটি সত্য। তবে এ বিষয়ে ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।