
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর লালমাটিয়ায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারি গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিবি সূত্রে জানানো হয়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম। তাঁর বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হন এবং পরে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার পর ডরিন গণমাধ্যমে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে বক্তব্য দেন এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। তবে কোন মামলায় এবং ঠিক কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।