
মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার //গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার। সোমবার ২৭ অক্টোবর এর ভোর ৫টা ৫০ মিনিটে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।তথ্য সুত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেই মারা যান মিরাজ মিয়া।নিহত মিরাজ মিয়া বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংকের নরসিংদী শাখায় কর্মরত ছিলেন।প্রায়ই তিনি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে নরসিংদীর কর্মস্থলে যাতায়াত করতেন বলে স্বজনরা জানিয়েছেন।গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-২৫-৮১৪৫) করে নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিরাজ।ঢাকা-খুলনা মহাসড়ক ধরে যাওয়ার পথে ডুমদিয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ড- ১৪-২১২১) পেছনে জোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন মিরাজ মিয়া। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এসআই রোমান মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
