
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তিন বছর কারাভোগ শেষে দুই বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারত সরকার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত পাঠিয়েছে। শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোরভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুজন হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার এবং চাঁদপুরের কচুয়া থানার বড়দল গ্রামের কাশেম আশীর মেয়ে ইসারন বেগম। পুলিশের বরাত অনুসারে, ভালো কাজের আশায় তারা পৃথকভাবে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
