
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ধাক্কায় সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যুবক নিহত
শুক্রবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস স্ট্যান্ড সংলগ্ন অটো ব্রিকস ফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আরমান হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহতের পরিচয় মিলেছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে হওয়ার। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক। তবে তার নানাবাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। পুলিশ ও স্বজনদের বরাতে জানানো হয়েছে, সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন তিনি। কুমিল্লা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নানাবাড়ি ফেরার পথে চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কোম্পানীগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে কুমিল্লামুখী দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে আরমান ঘটনাস্থলেই মারা যান। এতে অটোরিকশাচালক আহত হন।
দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকে পড়ে এবং যাতায়াতকারীরা কষ্টে পড়েন। পরে সকাল ১০টায় দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যাতায়াত স্বাভাবিক করে দেয়।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বিষয়টিতে মামলার প্রক্রিয়া চলছে।
