
নড়াইলের কালিয়া উপজেলায় অনলাইন প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২) গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ফেসবুকে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন ও কম দামে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ঠকিয়ে অগ্রিম টাকা হাতিয়ে নিতেন। একই সঙ্গে চাকরির প্রলোভন দেখিয়েও প্রতারণা করত চক্রটি। তারা ‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’ নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ চক্রে আরও ১০ জন সংশ্লিষ্ট আছেন এবং তারা পলাতক। হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন এবং সজল শেখের কাছ থেকে প্রচলিত চার্জের চেয়ে বেশি টাকা নিতেন বলে অভিযোগ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা হয়েছে। জব্দকৃত ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
