
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠ থেকে বিশাল আকৃতির একটি বিষধর রাসেল ভাইপার সাপ আটক করেছেন স্থানীয় এক কৃষক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে উদ্ধারকৃত সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সাপটিকে সুন্দরবন এলাকায় নিরাপদে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিমুলতলা মাঠে একটি গাড়লকে কামড় দেওয়ার চেষ্টা করছিল সাপটি। এ সময় কৃষক হাসানের নজরে এলে তিনি লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে আহত অবস্থায় আটক করেন। পরে সেটিকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়। সীমান্তবর্তী মাঠে বিশাল আকৃতির বিষধর সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে সাপটির আকার ও বিষধর স্বভাব নিয়ে কৌতূহল দেখায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। রাত ৯টার দিকে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) সুরেশ মিস্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশিক্ষণসংক্রান্ত কাজে বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন। এ কারণে সাপটি আটকের বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই। অন্যদিকে, জীবননগর ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। সাপটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য খুলনা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। দলটি সাপটিকে নিয়ে সুন্দরবন এলাকায় অবমুক্ত করবে।
